হরমুজ প্রণালীতে নৌ-নিরাপত্তায় ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে বহুজাতিক মিশন
Led Bottom Ad

হরমুজ প্রণালীতে নৌ-নিরাপত্তায় ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে বহুজাতিক মিশন

প্রথম ডেস্ক

১৮/০৪/২০২৬ ১৪:৪০:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে একটি নতুন বহুজাতিক মিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। গত শুক্রবার প্যারিসে আয়োজিত এক আন্তর্জাতিক আলোচনা শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই সম্মেলনে ইউরোপ ও এশিয়ার ৪৯টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন। তবে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই মূল পক্ষ যুক্তরাষ্ট্র বা ইরান এই বৈঠকে উপস্থিত ছিল না। আয়োজক দেশগুলোর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই বিশেষ মিশনটি হবে সম্পূর্ণ ‘প্রতিরক্ষামূলক’ এবং ‘নিরপেক্ষ’। মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের পরেই কেবল এই বাহিনী মোতায়েন করা হবে, যার মূল লক্ষ্য হবে বাণিজ্যিক জাহাজে আস্থা ফিরিয়ে আনা এবং প্রয়োজনে সমুদ্রপথ থেকে মাইন অপসারণে সহায়তা করা।

সম্মেলন চলাকালীন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বার্তায় জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বজায় থাকা পর্যন্ত হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তেহরানের এই ইতিবাচক ঘোষণাকে স্বাগত জানালেও ইউরোপীয় নেতারা স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, এই ঘোষণা বহুজাতিক মিশনটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই মিশনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কাম্য বলে মন্তব্য করেছেন, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হরমুজ প্রণালী সুরক্ষায় ন্যাটোর সহায়তা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেন, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার স্বার্থে এই গুরুত্বপূর্ণ নৌপথটি স্থায়ীভাবে খোলা থাকা জরুরি। আগামী সপ্তাহে লন্ডনের নর্থউডে সামরিক প্রধানদের এক বৈঠকে এই মিশনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে বলে ডাউনিং স্ট্রিট সূত্রে জানা গেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad