গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত
Led Bottom Ad

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

প্রথম ডেস্ক

০৯/০৪/২০২৬ ১৫:০০:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গাজায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় আল জাজিরা মুবারশের সংবাদদাতা মোহাম্মদ উইশাহ নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিষ্ঠানটি এই হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অপরাধ’ হিসেবে অভিহিত করে এর জন্য ইসরাইলি দখলদার বাহিনীকে সরাসরি দায়ী করেছে।

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার পশ্চিমে শেখ আজলিন এলাকায় একটি চলন্ত গাড়িতে বোমা হামলা চালিয়ে মোহাম্মদ উইশাহকে হত্যা করা হয়েছে, যা সাংবাদিকদের ভয় দেখানোর একটি সুপরিকল্পিত অপচেষ্টা।

গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্যমতে, ওই হামলায় উইশাহসহ মোট দুজন প্রাণ হারিয়েছেন। মিডিয়া অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এই ঘটনার নিন্দা জানিয়ে উল্লেখ করেছে যে, গত আড়াই বছরে গাজায় ইসরাইলি বাহিনীর হাতে ২২০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ৭০ জন পেশাগত দায়িত্ব পালনকালেই প্রাণ হারান। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আল জাজিরার অন্তত ১১ জন কর্মী নিহত হলেন, যার মধ্যে গত বছরের আগস্টেই নিহত হয়েছিলেন সাংবাদিক মোহাম্মদ সালামাসহ আরও ছয়জন।

আল জাজিরা কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, তাদের কর্মীদের হত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে তারা আন্তর্জাতিক পর্যায়ে সব ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য যে, গত অক্টোবর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে, যাকে তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে পরিচালিত বলে দাবি করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad