নিখোঁজ পাইলট উদ্ধারে ব্যর্থ অভিযান
ইরানে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত
ইরানের আকাশসীমায় একটি অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান ভূপাতিত করার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ এপ্রিল) ইরানের পক্ষ থেকে দাবি করা হয় যে, তাদের প্রতিরক্ষা বাহিনীর হামলায় বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এর ফলে নিখোঁজ হওয়া পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন কর্মকর্তার এই স্বীকারোক্তির পর ইরানি গণমাধ্যমে প্রকাশিত যুদ্ধবিমান ভূপাতিতের দাবিগুলো সত্য বলেই প্রতীয়মান হচ্ছে, যদিও পেন্টাগন এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জনসমক্ষে প্রকাশ করেনি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে শুক্রবার ভোর থেকেই বিধ্বস্ত বিমানের পাইলটকে খুঁজে বের করতে ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করে বিশেষ উদ্ধার অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী, তবে এখন পর্যন্ত তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
ইরানি সূত্রগুলো আরও দাবি করেছে, অত্যাধুনিক এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের সামরিক ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র আগামী কয়েক ঘণ্টার মধ্যে অন্য কোনো ব্যক্তিকে ‘উদ্ধারকৃত পাইলট’ হিসেবে সাজিয়ে উপস্থাপন করার নাটক করতে পারে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এই ঘটনা নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এ রহমান
মন্তব্য করুন: