কুয়েতে বিদ্যুৎ ও পানি শোধনাগারে ভয়াবহ হামলা: ভারতীয় শ্রমিকের মৃত্যু
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডেসালিনেশন) প্লান্টে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় রবিবার এক জরুরি বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এই হামলায় সেখানে কর্মরত একজন ভারতীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং স্থাপনাটির সার্ভিস ভবনসহ বেশ কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত সরকার এই ঘটনাকে তাদের রাষ্ট্রের ওপর ‘ইরানি আগ্রাসনের’ অংশ হিসেবে অভিহিত করেছে। তবে এই অভিযোগের বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কুয়েত সিটি থেকে আল জাজিরার সংবাদদাতা মালিক ট্রেইনা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় কুয়েতের আকাশসীমায় মোট ১৪টি ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে কয়েকটি ড্রোন একটি সামরিক শিবিরকেও লক্ষ্যবস্তু বানিয়েছে, যেখানে অন্তত ১০ জন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পরপরই ক্ষতিগ্রস্ত প্লান্টটির স্বাভাবিক কার্যক্রম সচল করতে এবং পরিস্থিতি সামাল দিতে জরুরি কারিগরি ও উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও কুয়েতের বরাতে এই হামলায় প্লান্টের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর প্রচার করেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে নতুন করে উসকে দিয়েছে।
সূত্র : আল জাজিরা
এ রহমান
মন্তব্য করুন: