শাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে বিভক্তি, একাংশের সংবাদ সম্মেলন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলে বিভক্তি দেখা দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের অবস্থান উপেক্ষা করে প্যানেলের একাংশ আগামী ২০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানান ভিপি প্রার্থী মোস্তাকিম বিল্লাহ, ছাত্রী বিষয়ক সম্পাদক প্রার্থী মাহমুদা রিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী আসাদুল্লাহ আসাদসহ সাতজন প্রার্থী।
সংবাদ সম্মেলনে মোস্তাকিম বিল্লাহ বলেন, “আমরা সবাই শাকসুর পক্ষে এবং ২০ তারিখেই নির্বাচন চাই। নির্বাচন কমিশন প্রচারণার সময় বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গেও আমরা একমত।” তিনি আরও বলেন, কেন্দ্রীয় বা বাইরের কোনো সিদ্ধান্ত নয়, শাবিপ্রবির শিক্ষার্থীদের চাওয়াকেই তারা গুরুত্ব দিচ্ছেন।
তবে সংবাদ সম্মেলনে শাবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটিতে থাকা কোনো প্রার্থীকে দেখা যায়নি। প্যানেল থেকে জিএস প্রার্থী মারুফ বিল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এজিএস প্রার্থী জহিরুল ইসলাম জানান, কেন্দ্রীয় ছাত্রদল থেকে এখনো নির্বাচন বর্জনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি বলেন, “কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত এলে তা প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে নেওয়া হবে।”
এদিকে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ছাত্রদল বাংলাদেশ নির্বাচন কমিশন ঘেরাও করে শাকসু নির্বাচন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বিতর্কিত’ ও ‘গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত’ বলে দাবি করে। এর পরিপ্রেক্ষিতেই প্যানেলের একাংশ সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করে।
এ রহমান
মন্তব্য করুন: