কাবিনের জমিতে প্রতিষ্ঠিত বিদ্যালয় থেকেই অশ্রুসিক্ত বিদায় প্রধান শিক্ষিকার
নিজের বিয়ের কাবিন সূত্রে পাওয়া জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা গুণী শিক্ষিকা পারভীন সুলতানা অবসর গ্রহণ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই অশ্রুসজল নয়নে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানান।
বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য। মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে এবং মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশায়েদ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক পারভীন সুলতানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগমসহ অন্যান্য অতিথিরা।
উল্লেখ্য, পারভীন সুলতানা তার বিয়ের কাবিনে প্রাপ্ত মূল্যবান জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ সময় ধরে তিনি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে সরকারি চাকরি থেকে অবসর নেন।
এ রহমান
মন্তব্য করুন: