সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মৃত্যুকালে হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, কনিষ্ঠ পুত্রবধূ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, তাঁর স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে পরিবার ও দলীয় সূত্র জানিয়েছে।
দেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ও বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। সামরিক শাসনবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক ও অনস্বীকার্য। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি যুগের সমাপ্তি ঘটল। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ রহমান
মন্তব্য করুন: