সিলেট থেকে বিএনপির নির্বাচনী কার্যক্রম শুরু করবেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার তিনি সিলেট সফরে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সিলেট সফরের অংশ হিসেবে তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। দলীয় নেতারা জানিয়েছেন, আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ এ সফরের মধ্য দিয়েই তিনি জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক কর্মসূচির সূচনা করবেন।
বিএনপির একাধিক নেতা জানান, তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে হওয়ায় এ অঞ্চলের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। পাশাপাশি বগুড়া তাঁর নির্বাচনী এলাকা হওয়ায় সিলেট ও বগুড়া—এই দুই অঞ্চলে তিন দিনের সফরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, সফরকালে তারেক রহমান দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে পারেন এবং নির্বাচনী কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেবেন। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরুর মাধ্যমে দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তারা আশা করছেন।
সূত্র : সমকাল
এ রহমান
মন্তব্য করুন: