জামায়াত ও সমমনা ৮ দলের সঙ্গে জোটে নির্বাচনে যাচ্ছে এনসিপি
Led Bottom Ad

সংবাদ সম্মেলনে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম

জামায়াত ও সমমনা ৮ দলের সঙ্গে জোটে নির্বাচনে যাচ্ছে এনসিপি

প্রথম ডেস্ক

২৮/১২/২০২৫ ২১:২৩:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আরও ৮টি রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাজধানীর বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, প্রাথমিকভাবে এনসিপির পরিকল্পনা ছিল এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার। তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও পরিবর্তিত পরিস্থিতির কারণে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, শরিফ ওসমান হাদির শাহাদাত এবং তাকে প্রকাশ্যে গুলি করার ঘটনায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। তার ভাষায়, “এই ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি, বাংলাদেশে এখনও আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তি সক্রিয় রয়েছে। তারা জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে।”

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষা এবং আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা ঠেকাতে বৃহত্তর রাজনৈতিক ঐক্য জরুরি। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী ও সমমনা ৮টি দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নির্বাচনী সমঝোতায় পৌঁছানো হয়েছে।

তিনি আরও বলেন, এই জোট কেবল নির্বাচনে অংশগ্রহণের জন্য নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, দুর্নীতিবিরোধী লড়াই ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি যৌথ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। “ন্যূনতম কিছু বিষয়ে—সংস্কার, বিচার প্রক্রিয়া ও আধিপত্যবাদ বিরোধিতায়—আমরা ঐক্যমতে পৌঁছেছি,” বলেন তিনি।

এনসিপির ভেতরে চলমান অভ্যন্তরীণ কোন্দল ও সাম্প্রতিক পদত্যাগের বিষয়েও কথা বলেন নাহিদ ইসলাম। দলের ৩০ জন নেতাকর্মীর পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “যেকোনো রাজনৈতিক সিদ্ধান্তে দ্বিমত থাকতে পারে। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ ব্যক্তিগত কারণে দল ছাড়লে সেটি তার নিজস্ব সিদ্ধান্ত।”

জামায়াতে ইসলামীর মতো ধর্মভিত্তিক দলের সঙ্গে এনসিপির আদর্শিক পার্থক্য নিয়ে প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটি একটি নির্বাচনী সমঝোতা, আদর্শিক ঐক্য নয়। “এনসিপি তার নিজস্ব আদর্শ অনুযায়ী রাজনীতি করবে, অন্য দলগুলোও তাদের অবস্থান বজায় রাখবে,” যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসন্ন সংস্কার বিষয়ে গণভোটে এনসিপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেবে এবং সারাদেশে নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটের পক্ষেও ক্যাম্পেইন চালাবে। আগামীকাল সোমবার জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের সিনিয়র নেতারা। তবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সরোয়ার নিভাকে অনুষ্ঠানে দেখা যায়নি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad