মনোনয়ন ফরম সংগ্রহ
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান
ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
বিএনপির মিডিয়া সেল জানায়, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে আবদুস সাত্তার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। বেলা ১১টা ১০ মিনিটে তিনি ঢাকা বিভাগের কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। উল্লেখ্য, ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি যে তিনটি আসন প্রাথমিকভাবে ফাঁকা রেখেছিল, ঢাকা-১৭ ছিল তার একটি।
বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। পরবর্তীতে দলের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তিনি এই আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানার পর তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, বিএনপি সূত্র আরও জানায়, তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করবেন।
এ রহমান
মন্তব্য করুন: