প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি, প্রবেশপত্র ডাউনলোড শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় গ্রহণ করা হবে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) ও যুগ্মসচিব এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
প্রার্থীদের আবেদনে দেওয়া মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত এসএমএস পাঠানো হবে। পরীক্ষার্থীরা admit.dpe.gov.bd ওয়েবসাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা এসএসসি পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি (এনআইডি বা স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশনা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, পার্স, ভ্যানিটি ব্যাগ, হাতঘড়ি কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, নিয়োগ সংক্রান্ত কোনো ধরনের প্রতারণা বা অসাধু ব্যক্তির প্রলোভনে না পড়তে পরীক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এ রহমান
মন্তব্য করুন: