গণঅধিকার পরিষদ থেকে রাশেদ খানের পদত্যাগ, ধানের শীষে নির্বাচনের ঘোষণা
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এক অডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তবে তিনি নিজে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
আবু হানিফ বলেন, “গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে দলটির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করবেন এবং বিএনপির প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন।”
এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপির নেতৃত্বে গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট একদফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিবাদ পতনের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে আমরা একসঙ্গে নির্বাচন এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাই।”
তিনি আরও বলেন, “বর্তমান আরপিএর বিধান অনুযায়ী জোটগতভাবে নির্বাচন করলেও ভোট করতে হয় নিজস্ব প্রতীকে। ফলে সব এলাকায় সব প্রতীকে জয়লাভ সম্ভব নয়। তাই যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই নির্বাচনী কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।”
নুরুল হক নুর বলেন, “আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে। সে কারণে তিনি গণঅধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচন করবেন। খুব শিগগিরই তার স্থলে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হবে।”
এ রহমান
মন্তব্য করুন: