২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির (জাপা) জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনও আশা করি, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবে।”
তিনি আরও বলেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল হিসেবে পরিচিত। একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এ দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হলেও তারা তা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে বলে জাতীয় পার্টির আশঙ্কা রয়েছে।
মহাসচিব বলেন, “সারা দেশে আমাদের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। অনেক আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মো. আবু তাহের ও ফকরুল ইমামসহ দলের কেন্দ্রীয় নেতারা।
জাতীয় পার্টির এই প্রার্থী ঘোষণার মাধ্যমে নির্বাচনী মাঠে দলটির অবস্থান আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ রহমান
মন্তব্য করুন: