সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়বেন আসাদুজ্জামান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে তিনি মনোনয়ন চেয়েছেন এবং যথাসময়ে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন।
তিনি বলেন, “আমি এখনও অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। তবে নির্বাচনে অংশ নিতে পদ ছেড়ে দিয়ে ভোট করব। যখন সময় আসবে, তখন পদত্যাগ করব।” সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করতে পারেন।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মো. আসাদুজ্জামান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের সন্তান। তাঁর জন্ম ১৯৭১ সালের জানুয়ারি মাসে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং পরের বছর হাইকোর্ট বিভাগে আইন পেশা শুরু করেন। ২০০৫ সালে তিনি আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। তিনি বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র হিসেবে কাজ করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: