সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম (গেজেটেড কর্মকর্তা) গ্রেডে উন্নীত করা হয়েছে। নতুন বেতন স্কেলের অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা হবে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তবে জানা গেছে, প্রজ্ঞাপনটি গত ১৫ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল। এর আগে প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে ছিলেন, যেখানে বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক জানিয়েছেন, দেশের ৬৫ হাজার ৫০২ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই নতুন বেতন স্কেল পাবেন। প্রশাসনিক আদেশ অনুযায়ী ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের BTPT প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
এই পদক্ষেপের মাধ্যমে প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। সরকার আশা করছে, এর ফলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকরা আরও সক্রিয় ও সৃজনশীল ভূমিকা পালন করবেন।
এ রহমান
মন্তব্য করুন: