সরকারি চাকরিতে ৩২ বছরের বেশি বয়সসীমা কার্যকরের বাধা কাটল
Led Bottom Ad

সংশোধিত অধ্যাদেশ জারি

সরকারি চাকরিতে ৩২ বছরের বেশি বয়সসীমা কার্যকরের বাধা কাটল

প্রথম ডেস্ক

২৩/১২/২০২৫ ১৫:৪৬:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ৩২ বছরের বেশি বয়সসীমা কার্যকরের দীর্ঘদিনের জটিলতার অবসান হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশে সংশোধন এনে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার।

সোমবার (২৩ ডিসেম্বর) সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়েছে।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর সরকার সব পর্যায়ের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করে। তবে এতে মুক্তিযোদ্ধাদের সন্তান, চিকিৎসক, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন বিশেষায়িত পদের জন্য বিদ্যমান বয়সসীমার সুবিধা বাতিল হয়ে যায়। পাশাপাশি বিভিন্ন দপ্তর ও সংস্থার নিজস্ব বিধিমালা ও প্রবিধানমালায় নির্ধারিত ৩২ বছরের বেশি বয়সসীমা কার্যত অকার্যকর হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে বিভিন্ন সরকারি দপ্তর-সংস্থা ও চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অসুবিধার কথা জানানো হয়। এর পরিপ্রেক্ষিতেই সরকার সংশোধিত অধ্যাদেশ জারি করে।

সংশোধিত অধ্যাদেশে ৩(ক) নামে একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। ‘চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সম্পর্কিত অন্যান্য বিধানের কার্যকারিতা’ শীর্ষক এই ধারায় বলা হয়েছে— অধ্যাদেশের ধারা ৩-এ যা কিছুই থাকুক না কেন, যেসব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশন ও স্ব-শাসিত সংস্থার নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় কোনো পদের জন্য সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারিত রয়েছে, সেসব ক্ষেত্রে পূর্বনির্ধারিত বয়সসীমাই বহাল থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি অফিসের কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী পরিচালক, মহাব্যবস্থাপক, উপ-পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। একইভাবে উপ-পরিচালক/সিস্টেম ম্যানেজার, মুখ্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সিনিয়র সিস্টেম এনালিস্ট ও সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলীর ক্ষেত্রেও বয়সসীমা ৪৫ বছর নির্ধারিত রয়েছে।

এছাড়া সিস্টেম এনালিস্ট ও সিনিয়র প্রোগ্রামারের সর্বোচ্চ বয়স ৪০ বছর, অপারেশন ম্যানেজারের ৪০ বছর, সহকারী সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার সুপারভাইজার ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলীর বয়সসীমা ৩৫ বছর নির্ধারিত ছিল। গত বছরের অধ্যাদেশে বয়সসীমা ৩২ বছর করায় এসব সুবিধা বাতিল হয়ে যায়, যা সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে পুনর্বহাল হলো।

সংশোধিত এই অধ্যাদেশের ফলে বিশেষায়িত ও কারিগরি পদের নিয়োগে বিদ্যমান বিধিমালা অনুযায়ী বয়সসীমা কার্যকর থাকায় সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী ও দপ্তরগুলো স্বস্তি প্রকাশ করেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad