জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতা: ৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি
ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। সমঝোতার অংশ হিসেবে চারটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমঝোতার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত চারটি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এসব আসনে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
জমিয়তের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো হলো—নীলফামারী-১ থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ থেকে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ থেকে আমির উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে জুনায়েদ আল হাবিব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতার ভিত্তিতে উভয় দল পরস্পরের আসনে প্রার্থী দেবে না। যেসব আসনে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না এবং একইভাবে অন্যান্য আসনে জমিয়তের প্রার্থী থাকবে না।
দলীয় সূত্রে জানা গেছে, শুরুতে জমিয়ত পাঁচটি আসনের দাবি জানালেও আলোচনার পর বিএনপি তিনটি আসনে সম্মত হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও একটি আসন যুক্ত করে মোট চারটি আসনে সমঝোতা চূড়ান্ত করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: