ওসমান হাদী হত্যাকাণ্ড গণতান্ত্রিক উত্তরণ অনিশ্চিত করার ষড়যন্ত্র : বিএনপি
Led Bottom Ad

সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ওসমান হাদী হত্যাকাণ্ড গণতান্ত্রিক উত্তরণ অনিশ্চিত করার ষড়যন্ত্র : বিএনপি

ঢাকা অফিস

১৯/১২/২০২৫ ২৩:১০:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদী হত্যাকাণ্ডকে ঘিরে দেশজুড়ে প্রতিবাদ ও বিচারের দাবির মধ্যেই এ ঘটনাকে আগামী জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে বিএনপি।

শুক্রবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে লিখিত বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সব রাজনৈতিক দল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোচ্চার রয়েছে। এ ধরনের ন্যক্কারজনক হামলা জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করার সুপরিকল্পিত ষড়যন্ত্র।”

মির্জা ফখরুল জানান, শুক্রবার সন্ধ্যায় শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য স্টারসহ কয়েকটি পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কর্মরত সাংবাদিকদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। একইসঙ্গে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজের সম্পাদক, জুলাই আন্দোলনসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাহসী কণ্ঠস্বর নুরুল কবিরের ওপর হামলা চালানো হয়েছে। ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।


মির্জা ফখরুল বলেন, “এসব ঘটনা প্রমাণ করে একটি পুরনো ও চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাইছে। তারা অনেক রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের নতুন সংস্করণ কায়েম করতে চায়।”


তিনি অভিযোগ করেন, সরকারের নাকের ডগাতেই এসব তৎপরতা চালানো হলেও সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। ফলে দেশ-বিদেশে সরকারের পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।


বিএনপির মহাসচিব বলেন, “শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে আমরা এই ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই— এত রক্তের বিনিময়ে অর্জিত দেশকে আমরা ধ্বংস হতে দেব না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবেই রুখে দিতে হবে।”

তিনি বলেন, নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে সব রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার ও জাতীয় নির্বাচন আদায় করা হয়েছে, সেই ধারাবাহিকতায় সব দেশপ্রেমিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad