‘একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র এক’
Led Bottom Ad

সতর্ক থাকার আহবান বিএনপি নেতা দুদুর

‘একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র এক’

প্রথম ডেস্ক

১৭/১২/২০২৫ ২০:৪৮:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র একই এবং তারা দেশের জন্য ক্ষতিকর। তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত ‘মহান বিজয় দিবস ও জিয়াউর রহমান এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, এখন সময় ঐক্যবদ্ধ থাকার। যেকোনো ত্যাগ ও স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে এক হতে হবে। একটি মহল দেশে নির্বাচন ঠেকাতে বিশেষ পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা দেশের শত্রু। নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি, আর চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তিনি আরও বলেন, বিএনপি একটি লড়াইয়ের দল—গণতন্ত্রকামী ও জনসমর্থিত দল।

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বাংলাদেশের প্রতিটি সংকটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয়েছে এবং ড. ইউনূস বলেছেন নির্বাচন হবেই। এসব কথা আগে স্পষ্টভাবে বলা হলে এবং উপদেষ্টারা বিভ্রান্তিকর বক্তব্য না দিলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না।

আব্দুস সালাম অভিযোগ করেন, শেখ হাসিনার ১৭ বছরে বহু নির্যাতনের শিকার হতে হয়েছে। রোডম্যাপ ও সংস্কারের বিষয়গুলো আগেই প্রকাশ করা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের স্বাভাবিক থাকতে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের সংকট এখনো কাটেনি, গণতন্ত্রও পুরোপুরি ফিরে আসেনি। সব কিছুর দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির একটি সুন্দর রাজনৈতিক অতীত রয়েছে, আওয়ামী লীগের অতীত প্রশ্নবিদ্ধ এবং জামায়াতের অতীত নিয়েও প্রশ্ন আছে। জনগণের ভোট পাওয়ার যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার বক্তব্যে জিয়াউর রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা অসম্ভব উল্লেখ করে বলেন, তার প্রতিচ্ছবি হিসেবেই তারেক রহমান সামনে এসেছেন এবং একমাত্র বিশ্বাসযোগ্য দল হিসেবে বিএনপির কথাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ জ্যোতি, মো. আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad