ইলিয়াস আলীকে রাস্তা থেকে তুলে নিয়ে গুমের পর হত্যা করা হয়েছে
Led Bottom Ad

ট্রাইব্যুনালে তদন্ত তথ্য উপস্থাপন

ইলিয়াস আলীকে রাস্তা থেকে তুলে নিয়ে গুমের পর হত্যা করা হয়েছে

প্রথম ডেস্ক

১৭/১২/২০২৫ ২০:১৮:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি নেতা ইলিয়াস আলীকে রাস্তা থেকে তুলে নিয়ে গুম করার পর হত্যা করা হয়েছে—এমন তথ্য তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার সংশ্লিষ্টতায় শতাধিক মানুষকে গুম করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের পেট ফেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনার বলেশ্বর নদী, কখনো সুন্দরবন, কখনো শীতলক্ষ্যা আবার কখনো বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে দেওয়ার ভয়াবহ তথ্য উঠে এসেছে তদন্তে।

তিনি আরও বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর ক্ষেত্রেও একই ধরনের পদ্ধতিতে গুমের পর হত্যার প্রমাণ পাওয়া গেছে, যা তদন্তে প্রতীয়মান হয়েছে।

প্রসঙ্গত, জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৯ সালে মেজর পদে থাকাকালে তিনি র‍্যাব-২-এর উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হন। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক নিযুক্ত হন।

২০১৬ সালে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হন এবং পরবর্তীতে কিছুদিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর পরিচালক করা হয়। ২০২২ সালে সংস্থাটিতে মহাপরিচালক পদ সৃষ্টি করে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে তিনি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন। জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ৬ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad