ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার
হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুর ২টার দিকে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোর কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্মুখসারির জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তার আওতায় থাকবেন। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছে, তাকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। কেউ যদি তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারেন, তাহলে তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সাম্প্রতিক এসব হামলার উদ্দেশ্য আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা। অন্তর্বর্তী সরকার এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এদিকে, হামলার ঘটনায় একজন গুলিবর্ষণকারীকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার দুপুরে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা দুইজন খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে (এভারকেয়ার) স্থানান্তর করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: