সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
তফসিল ঘোষণা আজ: একই দিনে হবে জাতীয় নির্বাচন ও গণভোট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করবেন। বুধবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির রেকর্ড করা ভাষণ বৃহস্পতিবার প্রচার করা হবে।
ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার পরই জানা যাবে ভোটগ্রহণের সুনির্দিষ্ট তারিখ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের ভাষ্য অনুযায়ী, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণের ব্যবধান হবে প্রায় ৬০ দিন।
রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক
তফসিল ঘোষণার আগে গতকাল নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে রাষ্ট্রপতিকে জানানো হয় ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট পেপার প্রস্তুতি, রঙ নির্ধারণ, মক ভোটিং, ভোট গণনা পদ্ধতি এবং নির্বাচনী সরঞ্জাম তৈরিসহ সার্বিক প্রস্তুতি। রাষ্ট্রপতি এসব প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বাগেরহাটের আসন নিয়ে আদালতের রায়
বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটিতে আনার যে গেজেট ইসি জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করেছে আপিল বিভাগ। আদালতের নির্দেশনার পর কমিশন দ্রুত সংশোধন করে আগের মতো চারটি আসনই বহাল রাখে। একইভাবে গাজীপুরের পাঁচটি আসনও বহাল থাকে। বুধবার রাতেই ৩০০ আসনের নতুন গেজেট প্রকাশ করেছে ইসি।
একই দিনে নির্বাচন ও গণভোট
জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট আয়োজনের নির্দেশনা ইতোমধ্যে বাস্তবায়নের পথে। পোলিং বুথের সংখ্যা বাড়ানো এবং ভোটের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। ইসি সদস্য আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবার ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই তালিকা হালনাগাদ করা হয়।
আজ সন্ধ্যার ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনের কাউন্টডাউন।
এ রহমান
মন্তব্য করুন: