বিএনপিতে যোগদান করলেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া
আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া সোমবার (১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে আনুষ্ঠানিকভাবে যোগদান কার্যক্রম সম্পন্ন করেন তিনি।
যোগদানের পর রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজকে আমি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।”
এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং তাকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি।”
উল্লেখ্য, রেজা কিবরিয়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগদান করেন এবং পরে দলটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
এ রহমান
মন্তব্য করুন: