আলাস্কার সমুদ্রে ৯ নতুন প্রাণীর সন্ধান

আলাস্কার সমুদ্রে ৯ নতুন প্রাণীর সন্ধান

প্রথম ডেস্ক

১৭/০৯/২০২৬ ১৪:১২:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আলাস্কার সমুদ্রে নতুন ৯টি প্রজাতির সামুদ্রিক স্পঞ্জের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর ফলে অঞ্চলটির অনাবিষ্কৃত সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। বৃহস্পতিবার এ আবিষ্কারের ঘোষণা দিয়েছে মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)।

সংস্থাটি জানিয়েছে, আলাস্কার উপসাগর ও অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জের সমুদ্র থেকে নতুন প্রজাতিগুলোর সন্ধান মিলেছে। এর ফলে আলাস্কায় শনাক্ত স্পঞ্জ প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩২টিতে।

নোয়া ফিশারিজের বার্ষিক বটম-ট্রল জরিপের সময় স্পঞ্জগুলোর নমুনা সংগ্রহ করা হয়। গ্রাউন্ডফিশ ও শেলফিশের মজুত পর্যবেক্ষণের জন্য এ জরিপ পরিচালনা করা হয়। ২০১২ সাল পর্যন্ত সংগৃহীত বিভিন্ন নমুনা বিশ্লেষণ করেন গবেষকরা। সম্প্রতি দুটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে নতুন প্রজাতিগুলোর তথ্য প্রকাশ করা হয়েছে।

সামুদ্রিক স্পঞ্জ পৃথিবীর প্রাচীনতম বহুকোষী প্রাণীদের মধ্যে অন্যতম। এদের ইতিহাস ৬০ কোটি বছরেরও বেশি পুরোনো। মস্তিষ্ক বা জটিল অঙ্গপ্রত্যঙ্গ না থাকলেও সমুদ্রের পানি ফিল্টার করা এবং বিভিন্ন প্রাণীর জন্য আবাসস্থল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্পঞ্জ।

নোয়ার জীববিজ্ঞানী শন রুনি বলেন, স্পঞ্জ উদ্ভিদ নয়। তবে বনের গাছের মতো এগুলো সমুদ্রের তলদেশে জটিল কাঠামো তৈরি করে। এসব কাঠামো মাছ ও কাঁকড়াকে আশ্রয় দেয়। তার মতে, আলাস্কায় আরও শত শত অজানা স্পঞ্জ প্রজাতি থাকতে পারে।

অন্যদিকে, স্পঞ্জ শনাক্ত করা বিজ্ঞানীদের জন্য বেশ কঠিন। এদের স্বতন্ত্র বাহ্যিক বৈশিষ্ট্য না থাকায় মাইক্রোস্কোপিক কঙ্কাল ও ডিএনএ বিশ্লেষণের ওপর নির্ভর করতে হয়। তবে স্পঞ্জের টিস্যুতে অন্য প্রাণীর ডিএনএ থাকায় পরীক্ষায় নানা চ্যালেঞ্জ তৈরি হয়।

স্পঞ্জ নিজেদের সুরক্ষায় বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি করে। এসব উপাদানের কিছু ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের সম্ভাবনাও দেখিয়েছে।

এদিকে, গভীর সমুদ্রে খনিজ উত্তোলন ও বটম ট্রলিংয়ের কারণে স্পঞ্জের আবাসস্থল হুমকির মুখে পড়েছে। পরিবেশবাদীরা বলছেন, এসব কর্মকাণ্ড সমুদ্রের ভঙ্গুর বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। আলাস্কার পাশাপাশি প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকাতেও গভীর সমুদ্রে খনিজ উত্তোলনের প্রস্তাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad