ইবিতে দুই শিক্ষার্থী গাঁজাসহ আটক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক দুই শিক্ষার্থী হলেন- ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুফিয়ান ও একই বিভাগ ও বর্ষের নাহিদুজ্জামান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তারা সৌমিক নামের এক শিক্ষার্থীর থেকে গাঁজা সংগ্রহ করেন। সৌমিক বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল পকেট গেটসংলগ্ন এলাকার গদা নামের এক ব্যক্তির কাছে থেকে গাঁজা কেনা হয় বলে প্রক্টরিয়াল বডির কাছে জানিয়েছেন তারা।
প্রক্টরিয়াল বডির সদস্যরা জানায়, লালন শাহ হল পকেট গেটসংলগ্ন এলাকায় এই নামে কোনো ব্যক্তি নেই। এ ছাড়া তাদের সঙ্গে নাহিন ও সাদ নামের দুজন শিক্ষার্থী মাঝেমধ্যে গাঁজার আসরে বসে।
এ বিষয়ে আটককৃত শিক্ষার্থীরা নিজেদের ভুল স্বীকার করে প্রক্টরিয়াল বডির কাছে বলেন,‘আমরা অন্যায় কাজ করেছি। আমরা নিয়মিত সেবন করি না। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবো না।’
তবে গাঁজা সরবরাহকারী সৌমিককে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘নিরাপত্তা সেলের কর্মী বিষয়টি অবগত করলে তাদের ধরে প্রক্টর অফিসে নিয়ে আসি। তারা তাদের অন্যায় স্বীকার করেছে। এ ছাড়া তাদের সঙ্গে জড়িত কয়েকজনের নাম ও তথ্য দিয়েছে। আগামীকাল তাদের বিভাগীয় সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। আমরা সারারাত ক্যাম্পাসে টহল দেই। যাদেরকেই এসব অপকর্মে জড়িত পাওয়া যাবে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।
রত্না বাউরী
মন্তব্য করুন: