সুনামগঞ্জে জাঁকজমকপূর্ণ জন্মাষ্টমী উদযাপন

সুনামগঞ্জে জাঁকজমকপূর্ণ জন্মাষ্টমী উদযাপন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/০৯/২০২৬ ১৫:৫৬:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুশল রাজ পাল।

আলোচনা সভায় সুনামগঞ্জের ইস্কন প্রধান রাধেশ্যাম প্রভু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, সুনামগঞ্জ জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি নারায়ণ চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ পদ দাস, সিলেট এসএমপির অতিরিক্ত পুলিশ সুপার নির্মল চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সহসভাপতি কলি তালুকদার আরতি এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমান রায়সহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, জন্মাষ্টমীর ধর্মীয় ও নৈতিক তাৎপর্য এবং নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনা বিকাশের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে দুপুর ১২টায় কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলফাত স্কয়ারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার সার্কেল চাতক চাকমা, সদর মডেল থানার ওসি রতন শেখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অশোক তালুকদার, পূজা ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজ, পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি বিমল বণিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তিনটি গ্রুপে ভাগ করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জন্মাষ্টমীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ডিবি পুলিশ, র‌্যাব এবং সদর মডেল থানার পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ বলেন, আজ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ সব কর্মসূচি যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারে, সে বিষয়টি আমরা নিশ্চিত করেছি। আমি নিজে এখানে ছিলাম, আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন এবং ডিবি পুলিশও কাজ করেছে। আমাদের এসপি স্যার সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর দিকনির্দেশনায় আমরা আজকের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমীর ধর্মীয় তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই দুই দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার ও শনিবার এসব কর্মসূচি চলবে।

প্রীতম দাস/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad