চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

ঢাকা অফিস

০৩/০৯/২০২৬ ০৩:০৬:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ সময় বিএনপির ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং প্রতিমন্ত্রী আমিনুল হক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মির্জা আব্বাসের আগমন উপলক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসবক দলের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় উপস্থিত হন। একই সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন।

গত ১১ মার্চ রমজান মাসের ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই দিন রাতেই বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। চিকিৎসক দল পরীক্ষা করে দেখতে পান সাবেক এই মন্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে।

এরপর এভারকেয়ার হাসপাতালে তার মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে পরের মাসের ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর পুনর্বাসনে চিকিৎসা ও থেরাপি দেওয়া হয়। মালয়েশিয়ায় নেওয়ার আগে সিঙ্গাপুরের চিকিৎসকরা মির্জা আব্বাসের সুস্থতাকে বিস্ময়কর হিসেবে দেখেছিলেন।

গত ১৬ মে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস। ওই দিন তিনি বলেছিলেন, গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। তিনি দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছেন। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। তবে এখনো তার ফিজিওথেরাপি চলছে। নিউরোসংক্রান্ত বড় ধরনের জটিলতা তৈরি হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকরা নিয়মিত ফলোআপ ও ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad