হবিগঞ্জে বিড়ালের ডাকে বসতঘর থেকে ধরা পড়ে অজগর ছানা
হবিগঞ্জের তেলমা ও সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ত্রিপুরা পল্লীর একটি বসতঘরে অজগর সাপের ছানা ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গৃহপালিত একটি বিড়ালের অস্বাভাবিক ডাকাডাকির কারণেই সাপটির উপস্থিতি ধরা পড়ে। স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে
শুক্রবার (৩ জুলাই) সকালে বন বিভাগ সাতছড়ি জাতীয় উদ্যানে সাপটিকে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মার বসতঘরে বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় অজগরের ছানাটি ঢুকে পড়ে। রাতের অন্ধকারে পরিবারের কেউ বিষয়টি বুঝতে পারেননি। তবে ঘরের পোষা বিড়ালটি একটানা ডাকাডাকি ও অস্বাভাবিক আচরণ করতে থাকলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
চিত্তরঞ্জন দেববর্মা জানান, বিড়ালের আচরণ দেখে ঘুম থেকে উঠে মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে ঘর তল্লাশি করেন। এ সময় ঘরের এক কোণে অজগরের ছানাটি দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে কোনো ধরনের ক্ষতি না করে নিরাপদে আটক করা হয়। শুক্রবার সকালে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পরামর্শে অজগরের ছানাটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান প্রথম সিলেটকে বলেন, "সাতছড়ি জাতীয় উদ্যানে বর্তমানে অজগরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। কয়েক বছর আগে উদ্ধার করা কয়েকটি অজগর এ উদ্যানে অবমুক্ত করা হয়েছিল। সেগুলো এখন প্রাকৃতিক পরিবেশে বংশবিস্তার করছে। তিনি আরও বলেন, অজগর বিষধর নয় এবং এটি বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: