রিখটার স্কেলে মাত্রা ৬.২
জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প
এক সপ্তাহের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে সূর্যোদয়ের দেশ জাপান। সোমবার (২৭ এপ্রিল) ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোতে এই কম্পন অনুভূত হয়। জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) দেওয়া তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলে ভূপৃষ্ঠের ৮৩ কিলোমিটার গভীরে এই কম্পনটি আঘাত হানে। জাপানি সিসমিক স্কেলে উরাহোরো শহরে কম্পনের মাত্রা ছিল ‘আপার ৫’ এবং নিইকাপ্পু শহরে তা ‘লোয়ার ৫’ হিসেবে রেকর্ড করা হয়েছে। শক্তিশালী এই কম্পনের ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল তুলনামূলক কম জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।
জাপান আবহাওয়া সংস্থার কর্মকর্তা আয়াতাকা এবিতা সংবাদমাধ্যমকে জানান, এই ভূমিকম্পটি সাম্প্রতিক অন্য কোনো বড় কম্পনের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি একটি বিচ্ছিন্ন ভূ-তাত্ত্বিক ঘটনা। তবে যেসব এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে, সেখানে পরবর্তী কয়েক দিন ভূমিধস ও পাহাড় থেকে পাথরধসের ঝুঁকি রয়েছে বলে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেও জাপানের ইওয়াতে উপকূলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি উপকূলে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে বছরে গড়ে প্রায় দেড় হাজার ভূমিকম্প অনুভূত হয়। ২০১১ সালের ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই ঘনঘন এই কম্পন দেশটিকে নতুন করে ভাবিয়ে তুলছে।
এ রহমান
মন্তব্য করুন: