দেশজুড়ে সহিংসতার তীব্র প্রতিবাদ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
Led Bottom Ad

শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল পরিস্থিতি

দেশজুড়ে সহিংসতার তীব্র প্রতিবাদ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রথম ডেস্ক

১৯/১২/২০২৫ ১১:৩৩:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সারাদেশে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরকারকে এই ঘটনার পুরো দায়ভার নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লেখেন, “বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছে, তখন ডেইলি স্টার ও প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হলো।”

এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু। আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে তারা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করেছে। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই ঘটনার পুরো দায় নিতে হবে।”

প্রায় এক বছরের বেশি সময় ধরে মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করছে— উল্লেখ করে বিএনপি মহাসচিব লেখেন, “হাদি নির্বাচনে প্রার্থী ছিল। জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে।”


পোস্টের শেষাংশে তিনি বলেন, “স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। গুলিটি তার মাথায় লাগে। প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় থমথমে ও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad